Ads 468x60px

রেফারেন্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেফারেন্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

লিব্রে রাইটারে রেফারেন্স যুক্ত করা : ১ম পর্ব

থিসিস লেখার সময় রেফারেন্স দেওয়া নিয়ে শিক্ষার্থীরা দুশ্চিন্তায় ভোগে। এত এত নাম, বই চ্যাপ্টারের ফাঁকে ফাঁকে দেওয়া ঝক্কির কাজ বটে। লিব্রে অফিস রাইটারে কাজটা সহজেই করা যায়। দরকার একটু ধৈর্য নিয়ে প্রথমবারের প্রয়োজনীয় কাজ সেরে ফেলা।

প্রথমেই লিব্রে রাইটার ওপেন করতে হবে। টুলস মেনুতে ক্লিক করে বিবলিওগ্রাফী ডাটাবেজ খুলতে হবে। নতুন উইন্ডো আসবে।

ডাটাবেজে পূর্বের কিছু লেখা দেখা যাবে। সর্ববামের স্ক্রলবারে ক্লিক করে সবচেয়ে নিচের এন্ট্রি শিফট চেপে রাখা অবস্থায় ক্লিক করলে সবকটি রো সিলেক্ট হবে। এবার রাইট ক্লিক করে দেখুন এন্ট্রিগুলো ডিউলিটের অপশান এসে গেছে। ডিলিট করে ফেলুন। এবার নতুন ডাটাবেজ পাওয়া গেল। এখানে আমরা রেফারেন্সগুলো এন্ট্রি করে নেব।


প্রথমে লক্ষ্য করি রেফারেন্স দেয়ার জন্য কি কি ফিল্ড দেয়া আছে। একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক আমি নিচের দুটো রেফারেন্স দিতে চাই ।

1. Khan, Jamal, Book of History, 2012.

2. Chowdhury, Raj, Journal of Example, 2013

এক নম্বর রেফারেন্স একটি বইয়ের, দুই নম্বর রেফারেন্স একটি জার্নালের। শুরুতে প্রথম রেফারেন্সের জন্য ফিল্ডগুলো পূরণ করি। শর্ট নেম হিসাবে পছন্দসই নাম দিতে পারেন। আমি দিলাম A1, পরেরটা A2 ; এভাবে বাকিগুলো দেয়া সম্ভব।




অথরের নাম লিখতে হলে লাস্ট নেম আগে লিখতে হয়। যেমন স্টিফেন কিং কে লিখতে হবে কিং, স্টিফেন। টাইপ ফিল্ড থেকে রেফারেন্স টাইপ বেছে নেয়া যায় (বই, আর্টিকেল, জার্নাল ইত্যাদি)।

রেফারেন্স ডাটাবেজ যা বিবলিওগ্রাফী ডাটাবেজ হিসাবে পরিচিত, তৈরী হয়ে গেলে মূল প্রবন্ধে রেফারেন্স বসানোর পালা।

প্রবন্ধের যেখানে রেফারেন্স দিতে হবে সে স্থানে কার্সর নিয়ে Insert → Indexes and Tables → Bibliography Entry তে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে। সেখানে ড্রপডাউন মেনু থেকে রেফারেন্স নাম্বার সিলেক্ট করে Insert এ ক্লিক করতে হবে। এরপর উইন্ডোটি Close করে দিতে হবে।


এভাবে সবগুলো রেফারেন্স নাম্বার দেয়া হয়ে গেলে প্রবন্ধের শেষ লাইনে গিয়ে Ctrl + Enter চেপে নতুন পেজ খুলতে হবে। নতুন পেজে কার্সর থাকা অবস্থায় Insert → Indexes and Tables →  Indexes and Tables চেপে নতুন ইন্ডেক্স খুলতে হবে। নাম পাল্টে রেফারেন্স আর টাইপে দিতে হবে বিবলিওগ্রাফী।


নাম্বার এন্ট্রিতে টিক না দিলে নাম্বার আসবে না। রেফারেন্স বাড়াতে চাইলে ডাটাবেজে নতুন রেফারেন্স যুক্ত করে ইনডেক্স আপডেট করলেই হবে।



পরবর্তী পর্বে দেখব কি করে রেফারেন্সের সাজসজ্জা করা যায়। সে পর্যন্ত ভাল থাকুন।

বি: দ্র: আরো সহজ উপায়ে রেফারেন্স দিতে পারার তরিকা কেউ বাতলে দিলে ভাল হয়। আপনাদের গঠনমূলক সমালোচনা কাম্য।

লিব্রে অফিসে রেফারেন্স যুক্ত করা : ২য় পর্ব


লিব্রে অফিসে কিভাবে বেসিক রেফারেন্স যুক্ত করা যায় তা নিয়ে আলাপ করেছিলাম গত পর্বে। আজ দেখব বিভিন্ন ফর্মেটের রেফারেন্স বা সাইটেশান যুক্ত করার পদ্ধতি। শুরু করার আগে দেখে নিতে পারেন গত পর্বের উল্লেখযোগ্য অংশ।
রেফারেন্স দেয়ার জন্য নির্দিষ্ট স্থানে কার্সর নিতে হবে। কার্সর নেয়ার পর Insert → Indexes and Tables → Bibliography Entry তে ক্লিক করতে হবে। নতুন যে উইন্ডো খুলবে তা থেকে দ্বিতীয় রেডিও বাটনে ক্লিক করে নতুন উইন্ডো খুলতে হবে।
চিত্র ১: বিবলিওগ্রাফী এন্ট্রি
চিত্র ২ এ একটি উদাহরণ দেখানো হল। এক্ষেত্রে একটি বইয়ের রেফারেন্স এন্ট্রি দেয়া হয়েছে। শর্ট নেম হিসাবে রেফারেন্সটিকে চিহ্ণিত করার জন্য একটি নাম দেয়া হয়েছে (উদাহরণে A1)। প্রয়োজনমতো তথ্য দেয়ার পর ওকে চেপে বেরিয়ে আসতে হবে। নতুন যে উইন্ডো আসবে তাতে Insert বাটনে ক্লিক করে রেফারেন্সটি বসাতে হবে।
চিত্র ২: বিবলিওগ্রাফী ডকুমেন্ট এন্ট্রি
এবার আমরা আরেকটি রেফারেন্স বসাবো। এটি বিবলিওগ্রাফী ডাটাবেজে দেয়া আছে। চিত্র ৩ লক্ষ্য করুন, বিবলিওগ্রাফী ডাটাবেজে এন্ট্রি কিভাবে দিতে হবে তা জানতে গত পর্ব দেখে আসুন।
চিত্র ৩: বিবলিওগ্রাফী এন্ট্রি
রেফারেন্স বসানো হয়ে গেলে নতুন পেজ তৈরী করতে হবে (যে পাতায় আর্টিকেল শেষ হয়েছে সেই পাতার শেষে কার্সর রেখে কন্ট্রোল + এন্টার একসাথে চাপতে হবে)
মেনুবারের ইনসার্টে গিয়ে Indexes and Tables → Indexes and Tables এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো থেকে বিবলিওগ্রাফীর জন্য সূচী তৈরী করতে হবে (চিত্র ৪ লক্ষ্য করুন)। রেফারেন্সের যে তালিকা আসবে তা পূর্ণাঙ্গ নয়। অসুবিধা নেই, আমাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে। রেফারেন্স সূচীতে কার্সর রেখে রাইট ক্লিক করলে যে মেনু আসবে তার Edit Index/Table এ ক্লিক করতে হবে। এবার এন্ট্রির ধরন ঠিক করে নিন, পাশাপাশি যে ফিল্ড দরকার সেটিও (চিত্র ৫)
চিত্র ৪: বিবলিওগ্রাফী এডিট অপশান
বইয়ের টাইটেল সামান্য বাঁকা বা ইটালিক করতে চাইলে ক্যারেক্টার স্টাইল ড্রপডাউন মেনু হতে এমফেসিস করে দিন। বোল্ডও করা যায়। তবে তার আগে স্ট্রাকচার থেকে টাইটেলের জন্য Ti ফিল্ড সিলেক্ট করে নিতে হবে। তারপর ওকে চাপলেই প্রয়োজনীয় পরিবর্তন হবে।
চিত্র ৫: বিবলিওগ্রাফী এডিট অপশান
যদি আমরা নতুন ফিল্ড যুক্ত করতে চাই, যেমন ধরি পাবলিশারের নাম। সেটি বসাতে হবে টাইটেলের পরে। এজন্য স্ট্রাকচারের টাইটেলের পরে যে ফাঁকা স্থান আছে সেখানে কার্সর রাখতে হবে। তারপর স্ট্রাকচারের নিচের ড্রপডাউন মেনু হতে প্রয়োজনীয় ফিল্ড সিলেক্ট করতে হবে। এরপর ইনসার্ট দিলেই ফিল্ডটি তৈরী হয়ে যাবে।
ডিফল্ট যে নাম্বারিং দেয়া আছে ওটা অনেক সময় পরিবর্তন করতে হয়। আইইইই ফর্ম্যাট ফলো করতে গেলে পরিবর্তন করতে হবে নাম্বারিং টাইপ। এজন্য স্ট্রাকচারের ফিল্ডের প্রথম এন্ট্রি Sh (শর্ট নেম) এর দুই পাশের ফাঁকা স্থানে [ বন্ধনী ] দেয়া যায়। বন্ধনীর পর স্পেস দিতে চাইলে একবার স্পেসবার চাপতে হবে।
চিত্র ৬: বন্ধনী ঠিক করা
এভাবে পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়ম মেনে আপডেট করা সম্ভব। বারবার নতুন এন্ট্রি দিতে হবে না। শুধু রেফারেন্সে রাইট ক্লিক করে আপডেটে ক্লিক করবেন। আপডেট হয়ে যাবে।
চিত্র ৭: পরিবর্তিত রেফারেন্স
এভাবে রেফারেন্স দিলে নাম্বারিং-এ স্টার্টিং স্পেস দ্বিতীয় লাইনে গিয়েই নষ্ট হয়ে যাবে। সেজন্য আরেকটি পদ্ধতিতে নাম্বার দেয়া যায়।
রেফারেন্সে রাইট ক্লিক করে এডিট প্যারাগ্রাফে গিয়ে আউটলাইন এন্ড নাম্বারিং ট্যাবে ক্লিক করতে হবে। আউটলাইন লেভেল ১ এবং নাম্বারিং স্টাইল হিসাবে নাম্বারিং ১ সিলেক্ট করতে হবে।
চিত্র ৮: বিবলিওগ্রাফীতে নাম্বারিং করা
অ্যাপ্লাই-ওকে চেপে বেরিয়ে আসতে হবে। তারপর মেনুবারের Tools → Outline Numbering এ ক্লিক করলে নতুন উইন্ডো আসবে। সেখানে প্যারাগ্রাফ টাইপে বিবলিওগ্রাফী ১, নাম্বার ১,,৩ এবং সেপারেটরের পূর্বে [ এবং পরে ] ঠিক করে দিতে হবে। ওকে চেপে বেরিয়ে এলে নাম্বারিং ঠিকমতো দেখা যাবে।
চিত্র ৯: আউটলাইন নাম্বারিং
তবে রেফারেন্সে শর্ট নেম না দিতে চাইলে এন্ট্রি এডিট করতে হবে। স্ট্রাকচারে গিয়ে Sh সিলেক্ট করে রিমুভে ক্লিক করে ওকে চেপে বেরিয়ে এলেই শর্ট নেম মুছে যাবে। তার পরিবর্তে নাম্বার দেখা যাবে।
চিত্র ১০: শর্ট নেম মুছে ফেলা
আর এভাবেই রেফারেন্স সফলভাবে দেয়া সম্ভব।
চিত্র ১১: রেফারেন্স
আশা করি রেফারেন্স দেয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অন্য কোন পদ্ধতি কারো জানা থাকলে শেয়ার করুন, হয়তো সেটি আরো সহজ হবে।





Like us on Facebook