Ads 468x60px

সোমবার, ২ এপ্রিল, ২০১২

উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরার গ্রাব২ উদ্ধার পদ্ধতি

উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরা ১৬'র গ্রাব২ উদ্ধার করা যায় খুব সহজে। প্রথমে ফেডোরার ইনস্টলেশন ডিস্ক চালু করতে হবে। তারপর ট্রাবলশুটিং এ যেতে হবে। যে মেনু আসবে তা হতে রেসকিউ অপশানটি বেছে নিতে হবে। ভাষা, কি-বোর্ড প্রভৃতি সিলেক্ট করে দেয়ার পর শেলে যাওয়ার অপশান আসবে এবং তা সিলেক্ট করতে হবে। শেলে এলে নিচের কমান্ড পর্যায়ক্রমে দিতে হবে। fdisk -l দেখে নিন আপনার লিনাক্স পার্টিশান কোনটি। ধরে নিলাম sda হচ্ছে আপনার হার্ডডিস্ক। chroot /mnt/sysimage এরপর গ্রাব ইনস্টল করার পালা। /sbin/grub2-install /dev/sda রিবুট করার জন্য নিচের কমান্ড দিন। reboot এবার ডিস্কটি সরিয়ে নিন। বুট করলে দেখবেন গ্রাব চলে এসেছে। হ্যাপি লিনাক্সিং :)

বুধবার, ২৮ মার্চ, ২০১২

ফেডোরা ১৬ তে টার্মিনালের মাধ্যমে এপ্লিকেশন লঞ্চার যুক্ত করুন

ফেডোরা ১৬ তে alacatre কাজ করে না। তাই এপ্লিকেশন লঞ্চার বানানোর জন্য অন্য উপায় খুঁজছিলাম। গুগলে ঘাঁটতে ঘাঁটতে নিচে বর্ণিত উপায় পেয়ে গেলাম। কাস্টম এপ্লিকেশন লঞ্চার তৈরী করার জন্য প্রথমে রুটে লগ-ইন করতে হবে। তারপর নিচের কমান্ড দিয়ে লঞ্চার বানাতে হবে।
nano /usr/share/applications/app.desktop
এবার যে ফাইল খুলবে তাতে নিচের লাইনগুলো দিতে হবে।
[Desktop Entry]
Encoding=UTF-8
Name= Application_Name
GenericName= Application_Name
Comment= Application_Type
Exec= Application_Address
Icon= Icon_Address
Terminal=false
Type=Application
MimeType=text/plain;
Categories=Application_Category;
Name[en_US]=Application_Name

এবার নিচের কমান্ড দিয়ে এন্ট্রি আপডেট করতে হবে।
su -c '/usr/bin/update-desktop-database'
এভাবে টার্মিনালের মাধ্যমে গ্নোম৩-এ এপ্লিকেশন লঞ্চার যুক্ত করা যায়।
উদাহরণস্বরূপ আমার ল্যাপটপের বিটটরেন্ট ক্লায়েন্ট ভুজ্যের লঞ্চারের জন্য নিচের কোডগুলো ব্যবহৃত হয়েছে।
[Desktop Entry]
Encoding=UTF-8
Name=Vuze
GenericName=Vuze
Comment=Bittorrent Client
Exec=/home/tareq/.vuze/vuze
Icon=/home/tareq/.vuze/vuze.png
Terminal=false
Type=Application
MimeType=text/plain;
Categories=Network;
Name[en_US]=Vuze

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

ফেডোরা ১৬ তে ইনস্টল করুন গুগল ক্রোম

গুগল ক্রোম একটি চমৎকার ব্রাউজার। ফেডোরায় এটি ইনস্টল করার দুটো উপায় আছে। একটি হলো আরপিএম ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল আরেকটি হল গুগল রেপো যুক্ত করে ইনস্টল। আমি গুগল রেপো যুক্ত করে ইনস্টলেশনের পক্ষে। প্রথমেই রুটে গিয়ে নিচের কমান্ডগুলো পরপর দিতে হবে।
wget https://dl-ssl.google.com/linux/linux_signing_key.pub
কী ইনস্টলের জন্য নিচের কমান্ড।
sudo rpm --import linux_signing_key.pub
এবার গুগল রেপো ইনস্টলের জন্য নিচের কমান্ড। ৩২ বিটের জন্য:
sudo sh -c 'echo "[google] name=Google Chrome 32-bit baseurl=http://dl.google.com/linux/chrome/rpm/stable/i386" >> /etc/yum.repos.d/google.repo'
৬৪ বিটের জন্য:
sudo sh -c 'echo "[google] name=Google Chrome 64-bit baseurl=http://dl.google.com/linux/chrome/rpm/stable/x86_64" >> /etc/yum.repos.d/google.repo'
এরপর সহজেই টার্মিনালে কমান্ড দিয়ে স্ট্যাবল ভার্সন ইন্সটল করা যাবে।
yum install google-chrome-stable
চাইলে বেটা, আনস্ট্যাবল প্রভৃতিও ইনস্টল করতে পারবেন।

মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

আরেকবার আনন্দে ভাসতে চাই

এশিয়া কাপে গত ১৬ই মার্চ বাংলাদেশের কাছে হারার পর ভারত পাকিস্তানকে যেভাবে হারিয়েছে তাতে কিছুদিন পূর্বে শেষ হওয়া সিবি সিরিজের কথা মনে পড়ে যায়। ফাইনালে যাওয়ার জন্য তারা শ্রীলঙ্কার দেওয়া ৩২১ রান ৪০ ওভারের আগে তুলে ফেলে। তবুও নিশ্চিত হয়নি ফাইনাল খেলা, বাকি ছিল শ্রীলঙ্কা - অস্ট্রেলিয়া ম্যাচ। সে ম্যাচ জিতে ভারতকে বাড়ির টিকেট ধরিয়ে দেয় মাহেলার শ্রীলঙ্কা। অর্থাৎ তারা জিতেই ফাইনালে ওঠে। আজও তেমন এক হিসাবের সামনে বাংলাদেশ। ভারত আবারও চেয়ে আছে শেষ ম্যাচের দিকে। আজ হারলেই বাংলাদশের এশিয়া কাপ শেষ। অন্যদিকে ভারত ফাইনালে উঠে যাবে। আর জিতলে শ্রীলঙ্কার সাথে তারাও বাড়ির পথ ধরবে। বাংলাদেশ কি পারবে ভারতকে বিদায় করতে? শোধ নিতে অপমানের? যে ভারতের মিডিয়া পদে পদে বাংলাদেশকে উপহাস করে, যে ভারতের লোকজন বাংলাদেশকে নিয়ে ঠাট্টা-তামাশা করে, যে ভারত সীমান্তে বাংলাদেশীদের পাখির মত মারে তাদেরকে আরেকবার হারাতে? হ্যাঁ, আজ জিতলে ভারতকে আরেকবার হারানো হবে। সেটা জয় হিসেবে গণ্য না হলেও আত্নিক জয়। অনেকে বলবেন খেলায় কেন এসব টেনে আনা? আনছি কারণ আর কোন উপায় তো দেখছিনা। এসব বন্ধ করার উদ্যোগ যারা নেয়ার তারা নানা বাধায় তা করতে অক্ষম। তাই খেলার মাঠে নাহয় জবাব দেয়া হোক। তাই আরেকবার জয়ের আনন্দে ভাসতে চাই। বিশ্বকে জানাতে চাই আমরা টানা দুই ম্যাচ জিততে পারি, তাও বড় দলের বিরুদ্ধে। বর্তমান প্রেক্ষাপট মনে করাচ্ছে ২০০৯ সালে হওয়া একটা ট্রাই-নেশন টুর্নামেন্টের কথা। সেখানেও ফাইনালে যাওয়ার জন্য লঙ্কানদের হারানোর কোন বিকল্প ছিল না। রুবেল-সাকিবের বল-ব্যাটের নৈপুণ্যে ম্যাচ বের করে নেয় বাংলাদেশ। আজকেও সেরকম একটা দিন চাই। এই প্রার্থনা করি। সব বাংলাদেশীর এই চাওয়া কি পূরণ হবে না? হবে, কেন হবে না? আমাদের বিশ্বাস, দেশের প্রতি মমত্ববোধ নিশ্চয়ই বৃথা নয়। আমরা চাই দেশের সম্মান আরো উঁচুতে নিতে। বিদেশী মিডিয়ার নির্লজ্জ পক্ষপাতে সমুচিত জবাব দিতে। আর, আরো একবার তুলে ধরতে চাই বাংলাদেশের পতাকা।

শনিবার, ১৭ মার্চ, ২০১২

বাংলাদেশের আরেকটি ভারতবধ

জয়। একটি শব্দ। যার তাৎপর্য অনেক। ভাষায় প্রকাশ করা যায় না কখনো কখনো। এমন ক্ষণ সবসময় আসে না। গতকাল যেমন এল। স্থান মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের অহমিকায় চপেটাঘাত করে ছিনিয়ে নেয় বিজয়। এই সেই ভারত যারা ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পরেও বাংলাদেশকে ওদের দেশে আমন্ত্রণ জানায়নি। অজুহাত হলো দর্শক হবে না। বাংলাদেশ সহজে হার মেনে যাবে কিনা। তাই বার বার ভারতের সাথে জিততে মন চায়। ইচ্ছা করে তাদের অহংবোধটাকে টেনে হিঁচড়ে মাটিতে নামাতে। সীমিত সামর্থ্য, বিসিবির বিমাতাসুলভ আচরণ, আম্পায়ারদের পক্ষপাতমূলক বিচারে সহজে জয় পাওয়া হয়ে ওঠে না। তাই যখন জয়টা আসে তখন উচ্ছ্বাসের জোয়ার নামে। কে ভেবেছিল এশিয়া কাপেই রচিত হবে আরেকটি ভারতবধ কাব্য? যে দলে শচীন, ধনী, বিরাট কোহলি, রায়নার মত ব্যাটসম্যান তাদের সাথে জয় পাওয়া চাট্টিখানি কথা নয়। যতোই আমরা পাকিস্তানের সাথে জয়ের সম্ভাবনা জাগাই না কেন। ভারত স্কোরবোর্ডে ২৮৯ রান তোলার পর ভেবেছিলাম ২৫০-২৬০ করে খেলাটাকে ক্লোজ করবে হয়তো বাংলাদেশ। আক্ষেপে পুড়তে হবে আবারো‌। শচীনের শতরান, কোহলি ও রায়নার জোড়া অর্ধশতক আর রাজিবের উদার হস্তে দেওয়া রানে ভারত প্রায় ৩০০ রান জড়ো করে। শচীন এক বছর ধরে অপেক্ষায় থাকা শতকের শতক পুরো করতে যেন একটু হিসেবি ছিল। বাংলাদেশের বোলিং বা ফিল্ডিংকেও অগ্রাহ্য করা যায় না। ব্যাটিং করতে নেমে ধীরে চলো নীতি মেনে চলতে লাগলো দুই ওপেনার নাজিম ও তামিম। নাজিম মেরে খেলে অভ্যস্ত। তাই তর সইলো না। মাঝ ব্যাটে বল নিতে না পেরে সে আউট। জহুরুল ইসলাম অমির ব্যাটিং বিপিএলে খুব একটা যুৎসই লাগেনি। তবে জানতাম সে পারে, বিপিএলে চেষ্টাও করেছে। জাতীয় দলে দুই বছর পর এসে তিন নম্বর জায়গাটা পাকা করার পথে এক ধাপ এগিয়ে দিল গতকালের ফিফটি। শাহরিয়ার নাফিসকে দলে আসতে হলে খুব ভাল করতে হবে। তামিম যেন পণ করেছে সিরিয়াস ব্যাটিং করবে। গতকালও তাই করলো পয়লা ম্যাচের মতো। মারমার কাটকাট তামিম নিজেকে খোলস বন্দী করে সাবধানী ব্যাটিং দিয়ে দলকে অনেকটা এগিয়ে নিয়েছিল। এরপর নাসিরের উপরে উঠে আসা, সাকিবের ঝড়ো ব্যাটিং দলকে বিশ্বাস এনে দেয় আমরা পারবো। সাকিবের ভাগ্য খারাপ। স্টাম্পিং করেছিল কিপার, পা ছিল লাইনের উপরে। বেনিফিট অব ডাউট যায় সাধারনত ব্যাটসম্যানের পক্ষে। আর এবার গেল ভারতের পক্ষে। হয়তো দূর্বল বলে ছুরি চালানো সহজ ভেবেছে শ্রীলঙ্কান তৃতীয় আম্পায়ার। অশোকা ডি সিলভা কম ভুগায়নি বাংলাদেশকে, এখন নতুন একজনের আবির্ভাব ঘটলো। সাকিব ছিল বিনোদনের কেন্দ্র। তার প্রতিটা মার দর্শকের হৃদয়ে কাঁপুনি ধরিয়েছে। একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়েছে বাংলাদেশ। শেষ বেলায় দায়িত্ব পড়ে মুশফিকের ছোট কাঁধে। সাথে নাসির হোসেন। বল আর রানের ব্যবধান ক্রমশ বেড়ে চলছিল। সাহসী অথচ সাবধানী ব্যাটিং করছিল মুশি-নাসির জুটি। ইরফান পাঠানের করা আটচল্লিশ তম ওভারে দুটো ছয় মেরে হিসাব সহজ করে ফেলে মুশি। ১২ বলে ১৬ রান কঠিন কিছু নয়। প্রভিন কুমারের ৪৯তম ওভারের প্রথম দুই বলে ছয় চারে করা ১১ রান ম্যাচ এনে দেয় বাংলাদেশের হাতের মুঠোয়। আরেকটি জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় সবাই। উল্লাসে মেতে ওঠে গ্যালারি, ড্রেসিংরুম আর পুরো দেশ। উত্তেজনায় নাসির নাজিমের মতো শট খেলে উইকেট দিয়ে আসে। তখনো ২ রান করা বাকি। রিয়াদ এসে ৪ বল বাকি রেখে উইনিং শট যখন খেলল তখন বাঁধ-ভাঙা আনন্দে ভেসে গেল পুরো দেশ। পেরেছি, আমরা পেরেছি। ভারতকে আরো একবার হারিয়েছি। এ জয়ের পেছনে দৃশ্যমান অনেকের অবদান থাকলেও একজনের অবদান অনস্বীকার্য। তার নাম মানজারুল ইসলাম রানা। একসময় জাতীয় দলে খেলতো এই তরুণ। বাঁহাতি স্পিন আর ক্রমশ ভালো হতে থাকা ব্যাটিং। ২০০৭ বিশ্বকাপে বাদ পড়ে স্থানীয় লীগে খেলছিল। ওটাই কাল হয় তার জন্য। ১৬ই মার্চ ২০০৭ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায় সে। পরেরদিন ভারতকে হারিয়ে জয়টা তাকে উৎসর্গ করেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে পাঁচ বছর পর তার মৃত্যুদিনে আরেকবার ভারতকে হারালো বাংলাদেশ। ব্যবধান সেই পাঁচ উইকেট। প্রেরণা হিসেবে কাজ করেছে রানা। কে বলতে পারে এই দিন থেকে নতুন বাংলাদেশের পথচলা শুরু হলো কিনা। এখন পালা শ্রীলঙ্কার, যে লঙ্কান আম্পায়ার সাকিবকে আউট দিল তাকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশকে অগ্রাহ্য করার দিন শেষ। আমরাও ফাইনালে খেলতে চাই। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ১৩ বছর পর আরেকবার জয়ের স্বাদ পেতে চাই। পারবে কি বাংলাদেশ? প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, তোমাদের সাথে আছে আমাদের দোয়া। আর আকাশের তারা হয়ে যাওয়া রানার শুভ কামনা। পারবেনা তোমরা?

Like us on Facebook